Last Updated on 06/07/2026 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
১ জুলাই, ২০২৬ থেকে দানকর আইন, ১৯৯০ অনুসরণ করে দান সংক্রান্ত দলিলসমূহ রেজিস্ট্রিতে দানকর পরিশোধের বিধান করা হয়েছে। যে সকল দলিলে দানকর পরিশোধ করতে হবে সেগুলো হচ্ছে-
১। দানপত্র দলিল। (কোন কোন ক্ষেত্রে দানকর লাগবে না, তা দানকর আইনের ধারা ৪ এর উপ-ধারা (১)_এ উল্লেখ করা হয়েছে।)
২। হেবার ঘোষণাপত্র দলিল (কেবলমাত্র নানা-নানী-দাদা-দাদী ও নাতী-নাতনীর মধ্যে দানের ক্ষেত্রে লাগবে, অন্য ক্ষেত্রে লাগবে না।)
৩। দানের ঘোষণাপত্র দলিল (কেবলমাত্র নানা-নানী-দাদা-দাদী ও নাতী-নাতনীর মধ্যে দানের ক্ষেত্রে লাগবে, অন্য ক্ষেত্রে লাগবে না।)
৪। হেবাবিল এওয়াজ দলিল।
এ সকল দলিলে বর্ণিত সম্পত্তির মূল্য ২০,০০০/- টাকা এর বেশি হলে দানকর লাগবে।
দানকর কত টাকা-
দানকর কত টাকা, তা দানকর আইন, ১৯৯০ এর তফসিলে উল্লেখ করা হয়েছে।
সম্পত্তির মূল্য ২০,০০০/- টাকা পর্যন্ত দানকর মওকুফ।
২০,০০০/- টাকা মূল্যের অতিরিক্ত ৫,০০,০০০/- টাকা পর্যন্ত সম্পত্তির মূল্যের ক্ষেত্রে ৫% টাকা, পরবর্তী ১০,০০,০০০/- টাকা পর্যন্ত মূল্যের ক্ষেত্রে ১০% টাকা, পরবর্তী ২০,০০,০০০/- টাকা পর্যন্ত মূল্যের ক্ষেত্রে ১৫% টাকা এবং পরবর্তী টাকার জন্য (সেটা যতই বেশি হোক) ২০% টাকা দানকর দিতে হবে।
একটা উদাহারণ দেখুন-
ধরুন, আপনি ৫০,২০,০০০/- টাকার মূল্যের সম্পত্তি দান করবেন।
২০,০০০/- টাকা পর্যন্ত মূল্যের সম্পত্তির দানকর লাগবে না।
২০,০০০/- টাকা বাদ দিলে বাকী থাকে, ৫০,০০,০০০/- টাকা।
প্রথম ৫,০০,০০০/- লক্ষ টাকার উপর ৫% টাকা দানকর দিতে হবে।
অর্থাৎ ৫,০০,০০০/- টাকার ৫% = ২৫,০০০/- টাকা দানকর আসবে।
বাকী (৫০,০০,০০০ – ৫,০০,০০০) ৪৫,০০,০০০/- টাকার মধ্যে ১০,০০,০০০/- টাকায় ১০% টাকা দানকর দিতে হবে।
অর্থাৎ ১০,০০,০০০/- টাকার ১০% = ১,০০,০০০/- টাকা দানকর আসবে।
বাকী (৪৫,০০,০০০ – ১০,০০,০০০) = ৩৫,০০,০০০/- টাকার মধ্যে ২০,০০,০০০/- টাকায় দানকর দিতে হবে ১৫% টাকা।
অর্থাৎ ২০,০০,০০০/- টাকার ১৫% = ৩,০০,০০০/– টাকা।
অবশিষ্ট (৩৫,০০,০০০ – ২০,০০,০০০) ১৫,০০,০০০/- টাকায় দানকর দিতে হবে ২০% টাকা।
অর্থাৎ ১৫,০০,০০০/- টাকার ২০% = ৩,০০,০০০/- টাকা।
তাহলে ৫০,২০,০০০/- টাকা মূল্যের সম্পত্তির দানপত্র দলিল রেজিস্ট্রিতে দানকর বাবদ মোট খরচ হবে-
(২৫,০০০ + ১,০০,০০০ + ৩,০০,০০০ + ৩,০০,০০০) = ৭,২৫,০০০/- টাকা।
যেকোনো দলিলের রেজিস্ট্রি ফি সহজে হিসাব করার জন্য ভিজিট করুন- AmarVumi.com


Add comment