কোন কোন ক্ষেত্রে দানকর দিতে হবে না, জেনে নিন

Last Updated on 09/07/2026 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে ১ জুলাই ২০২৬ তারিখ হতে দানকর আইন, ১৯৯০ অনুসারে দানকর প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। তবে সকল দানের ক্ষেত্রে এই কর প্রযোজ্য নয়, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে দানকর মওকুফ করা হয়েছে। কোন কোন ক্ষেত্রে সম্পত্তি হস্তান্তরের দলিল রেজিস্ট্রিতে দানকর মওকুফ তা দানকর আইন, ১৯৯০ এর ধারা ৪ এর (১), (২) ও (৩) উপ-ধারায় বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, “কতিপয় দানের ক্ষেত্রে অব্যাহতি-

৪। (১) নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে কোন ব্যক্তির কৃত দানের উপর এই আইনের অধীন কোন দানকর আরোপযোগ্য হইবে না, যথা :-

(ক) দানকৃত সম্পত্তি যদি বাংলাদেশের বাহিরে অবস্থিত হয়;

(খ) দান যদি সরকার বা কোন স্থানীয় কর্তৃপক্ষকে করা হয়;

(গ) দান যদি দাতব্য উদ্দেশ্যে প্রতিষ্ঠিত নিম্নবর্ণিত কোন তহবিল বা প্রতিষ্ঠানকে করা হয়, যথা :-

(অ) বাংলাদেশে প্রচলিত কোন আইন দ্বারা প্রতিষ্ঠিত কোন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত অথবা সরকার কর্তৃক স্বীকৃত বা পরিচালিত কোন পলিটেকনিক ইন্সটিটিউটসহ যে কোন শিক্ষা প্রতিষ্ঠান;

(আ) সরকার বা কোন স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত বা পরিচালিত অথবা সরকার বা কোন স্থানীয় কর্তৃপক্ষের নিকট হইতে সাহায্যপ্রাপ্ত কোন হাসপাতাল;

(ই) সরকার কর্তৃক গঠিত বা অনুমোদিত কোন বন্যা বা দুর্যোগ মোকাবিলা তহবিল;

(ঈ) সাধারণ জনগণের কল্যাণার্থে পরিচালিত নয় এমন কোন ব্যক্তিগত ধর্মীয় প্রতিষ্ঠান ব্যতীত, ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে বাংলাদেশে প্রতিষ্ঠিত ও সরকার কর্তৃক অনুমোদিত বা ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও প্রচলিত আইনে নিবন্ধিত কোন প্রতিষ্ঠানকে করদাতা কর্তৃক সংশ্লিষ্ট কর বৎসরের নিরূপিত মোট আয়ের ২০ শতাংশ বা ১ লক্ষ টাকা, এই উভয়ের মধ্যে যাহা কম হয়;

(ঘ) দান যদি ভরণপোষণের জন্য তাঁহার উপর নির্ভরশীল কোন আত্মীয়ের বিবাহকালে সর্বোচ্চ বিশ হাজার টাকার মূল্য পর্যন্ত করা হয়;

(ঙ) দান যদি পত্নী ব্যতীত, ভরণপোষণের জন্য তাঁহার উপর নির্ভরশীল কোন আত্মীয়কে সর্বোচ্চ বিশ হাজার টাকা মূল্য পর্যন্ত বীমা বা বার্ষিক বৃত্তির পলিসি দ্বারা করা হয়;

(চ) দান যদি উইলমূলে করা হয়;

(ছ) দান যদি মৃত্যু চিন্তায় করা হয়;

(জ) দান যদি পুত্র, কন্যা, পিতা, মাতা, স্বামী, স্ত্রী, আপন ভাই অথবা আপন বোনকে করা হয়।

(২) উপ-ধারা (১) এ উল্লিখিত অব্যাহতি ছাড়াও, কোন ব্যক্তি কর্তৃক কোন আর্থিক বৎসরে কৃত বিশ হাজার টাকা মূল্যের দানের উপর এই আইনের অধীন কোন দানকর ধার্য হইবে না।

(৩) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে কোন শ্রেণীর দান অথবা যে কোন শ্রেণীর ব্যক্তিকে এই আইনের অধীন প্রদেয় কর হইতে অব্যাহতি দিতে পারিবে :

তবে শর্ত থাকে যে, এই উপ-ধারার অধীন প্রজ্ঞাপিত অব্যাহতি উক্ত প্রজ্ঞাপনে উল্লিখিত শর্ত সাপেক্ষে করা যাইবে।”

উল্লিখত ক্ষেত্র ব্যতীত দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে প্রযোজ্য হারে দানকর প্রদান করতে হবে।

 

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

Add comment

error: Content is protected !!