Last Updated on 07/07/2026 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
সাফ কবলা (ক্রয়-বিক্রয়) দলিল রেজিস্ট্রিতে সম্পত্তি হস্তান্তরকারী বা বিক্রেতা ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপার হলে সেক্ষেত্রে আয়কর আইনের ১২৬ ধারার কর পরিশোধ করতে হয়। অবশ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপার না হয়েও ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপার এর মতো কার্যক্রম পরিচালনা করলে তাঁকে এ ধারায় কর দিতে হবে।
উৎসে কর বিধিমালা, ২০২৬ এর বিধি- ২ এর উপ-বিধি- (ঙ ) এবং (চ)-এ ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপার সম্বন্ধে আলোচনা করা হয়েছে।
বিধি ২(ঙ)-তে বলা হয়েছে, “ডেভেলপার” বা “রিয়েল এস্টেট ডেভেলপার” বলিতে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ এ বর্ণিত ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপারকে বুঝাইবে এবং যদি কোনো ব্যক্তি ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপারের অনুরূপ কার্যাবলি সম্পাদনপূর্বক তাহার নিজের বা অন্যের ভূমি উন্নয়ন করেন অথবা তাহার নিজের বা অন্যের ভূমিতে স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেস নির্মাণ করেন; অথবা ভূমির মালিক বা স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেসের মালিক ডেভেলপার বা কো-ডেভেলপারের অনুরূপ কার্যাবলি করেন তাহা হইলে তিনিও ইহার অন্তর্ভুক্ত হইবেন;
বিধি ২(চ)-এ বলা হয়েছে, “ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপারের অনুরূপ কার্যাবলি” বলিতে নিম্নবর্ণিত বিষয়াদি অন্তর্ভুক্ত হইবে, যথা:
(অ) কোনো ব্যক্তি পণের বিনিময়ে অন্য কোনো ব্যক্তির নিকট হইতে Irrevocable Power of Attorney মূলে কোনো ভূমি বা ভবন উন্নয়নপূর্বক বিক্রয় করিলে;
(আ) নিজের বা অন্যের ভূমির মধ্যে রাস্তা নির্মাণপূর্বক ভূমি বিক্রয় বা হস্তান্তর করিলে;
(ই) নিজের ভূমিতে বা অন্যের ভূমিতে ভবন নির্মাণ করিয়া তাহা বাণিজ্যিক উদ্দেশ্য বিক্রয় বা হস্তান্তর করিলে;
(ঈ) কোনোক্ষেত্রে যদি দেখা যায় কোনো বন্দোবস্তের (under any arrangement) অধীন কোনো ভূমি বা ভবন বাণিজ্যিক উদ্দেশ্যে উন্নয়নপূর্বক বিক্রয় বা হস্তান্তর করা হইয়াছে:
তবে, নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে “ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপারের অনুরূপ কার্যাবলি” বলিয়া গণ্য হইবে না, যথাঃ-
(১) কোনো ব্যক্তি যদি অর্থের প্রয়োজনে তাহার বৃহৎ একটি ভূমির খন্ডাংশ বিক্রয় বা হস্তান্তর করেন;
(২) নিজে ব্যবহারের উদ্দেশ্য কোনো ভূমি বা ভবন উন্নয়ন করিয়া পরবর্তীকালে তা একান্ত নিজস্ব প্রয়োজনে বিক্রয় বা হস্তান্তর করেন;
(৩) সমবায় সমিতি আইন, ২০০১ (২০০১ সনের ৪৭ নং আইন) অনুসারে নিবন্ধিত সমবায় সমিতি যদি নিজ নামে নিবন্ধিত কোনো ভূমি উক্ত সমিতির সদস্যদের নিকট হস্তান্তর করে;
ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপার এর ক্ষেত্রে সাফ কবলা দলিল রেজিস্ট্রির সময় ১২৬ ধারার উৎস কর ও ভ্যাট পরিশোধ করতে হবে।
রিয়েল এস্টেট (Real Estate) সম্বন্ধে জানতে এখানে ক্লিক করুন।


Add comment